দলের চেয়ারপারসনের ছবি নিয়ে ভূঁইগড়ের বিএনপি নেতা পায়েলের জালিয়াতি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে কুতুবপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন পায়েলের বিরুদ্ধে ৷ চেয়ারপারসনের ছবির সাথে এডিটের মাধ্যমে নিজের ছবি জুড়ে দিয়ে তা যত্রতত্র প্রচার করে বেড়াচ্ছেন পায়েল। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কভার ফটো হিসেবেও ওই ভুয়া ছবি কয়েক বছর ধরে ব্যবহার করে আসছেন তিনি। কীওয়ার্ড ও রিভার্স ইমেজ সার্চের মাধ্যম দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে ২০১৫ সালে সাক্ষাৎ করেন তৎকালীন সময়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব। তিনি ফুল দিয়ে শুভেচ্ছাও জানান খালেদা জিয়াকে। এসময় তার পাশে সরকারি তোলারাম কলেজের সাবেক জিএস শাহআলমও উপস্থিত ছিলেন। ওই ছবিকেই এডিট করে জালিয়াতির আশ্রয় নিয়েছেন পায়েল। নিজেকে তিনি ফটোশপের মাধ্যমে রাজিব ও শাহআলমের পাশে নিয়ে দাঁড় করিয়েছেন৷ একাধিক সাইবার বিশেষজ্ঞ বিষয়টি নিশ্চিত করেছেন ৷ এ বিষয়ে জানতে আবুল হোসেন পায়েলের মোবাইল ফোনে কল করা হলে ছবি এডিটের প্রসঙ্গটি কৌশলে এড়িয়ে গিয়ে তিনি বলেন, এখন আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনের সময়৷ কোনো কাদা ছোড়াছুড়িতে এখন যাচ্ছি না।'

Comments